Small journey

ছোট ছোট ঢেউ জুড়েই সুনামীর সৃষ্টি হয়

আমার কবিতা

রোবোকপের ডায়রী : অন্তসারশূণ্য)


-----------------------------

সূর্য তার রাত্রিবাস ঝেড়ে ফেলেছে
কুয়াশার চাদরে ঢেকে সকালের সূর্যটাকে বিবস্ত্রহীনতার লজ্জা থেকে
অব্যাহতি দিয়েছে শীতের সকাল।
এখানে এখন রাত
ওখানে দিন,
এখানে সূর্য,ওখানে মলিন,
এখানে আলো, ওখানে চাদঁ
এখানে কুয়াশা, ওখানে রাত।
আকাশের তারাগুলো তুষারের কণা,
সবুজের সমাবেশে সাদাদের আনাগোনা।
এখানে জীবন, ওখানে ঘুমের দেশে বাস,
এখানে ক্লান্তি, ওখানে সময়ের অবকাশ।
কাঁচের দেয়ালে হেলান দিয়ে সূর্যটাকে ছোঁয়া,
রাতের আধাঁরে লুকিয়ে থেকে স্বপ্ন খুঁজে পাওয়া,
দূরের নদী সুর ভুলে যায়,স্বপ্নগুলো ভাসে
ভাবনাগুলো গুমরে মরে ধু ধু বালুচরে।
কান্না বুকে, উদাস চোখে আকাশ চেয়ে থাকে
শিশির হয়ে কান্নাগুলো মেঘের বুকে ভাসে।

প্রিয় লাইন

………………
যখন আমরা বসি মুখোমুখি, আমাদের দশটি আঙ্গুল হৃদপিন্ডের মতো কাঁপতে থাকে
দশটি আঙ্গুলে, আমাদের ঠোঁটের গোলাপ ভিজে উঠে আরক্ত শিশিরে,
যখন আমরা আশ্চর্য আগুনের জ্বলি, যখন আমরাই আমাদের স্বাধীন স্বদেশ,
তখন ভুলেও কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা জিজ্ঞেস করো না;
আমি তা মুহূর্তও সহ্য করতে পারি না,-তার অনেক কারন রয়েছে।
তোমাকে আমি মিনতি করি কখনো আমাকে তুমি বাঙলাদেশের কথা তুলে কষ্ট দিও না।
জানতে চেও না তুমি নষ্টভ্রষ্ট ছাপান্ন হাজার বর্গমাইলের কথা; তার রাজনীতি
অর্থনীতি, ধর্ম,পাপ, মিথ্যাচার, পালে পালে মনুষ্যমন্ডলি, জীবনযাপন, হত্যা, ধর্ষন
মধ্যযুগের দিকে অন্ধের মতোন যাত্রা সম্পর্কে প্রশ্ন ক’রে আমাকে পীড়ন করো না;
আমি তা মুহূর্তও সহ্য করতে পারি না,-তার অনেক কারন রয়েছে।
তার ধানক্ষেত এখনো সবুজ, নারীরা এখনও রমনীয়, গাভীরা এখনও দুদ্ধবতী,
কিন্তু প্রিয়তমা, বাঙলাদেশের কথা তুমি কখনো আমার কাছে জানতে চেয়ো না;
আমি তা মুহূর্তও সহ্য করতে পারি না,-তার অনেক কারন রয়েছে।
(আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম?/ হুমায়ুন আজাদ)

প্রিয় কবিতা

দিন আনি, দিন খাই
তারাপদ রায়
_______________________________

আমরা যারা দিন আনি, দিন খাই,
আমরা যারা হাজার হাজার দিন খেয়ে ফেলেছি,
বৃষ্টির দিন, মেঘলা দিন, কুয়াশা ঘেরা দিন,
স্টেশনের প্ল্যাটফর্মে অধীর প্রতীক্ষারত দিন,
অপমানে মাথা নিচু করে চোরের মতো চলে যাওয়া দিন,
খালি পেট, ছেঁড়া চটি, ঘামে ভেজা দিন,
নীল পাহাড়ের ওপারে, সবুজ বনের মাথায় দিন,
নৌকার সাদা জালে ঢেউয়ের চুড়ায় ভেসে যাওয়ার দিন,
হৈ হৈ অট্টহাসিতে কলরোল কোলাহল ভরা দিন,
হঠাৎ দক্ষিণের খোলা বারান্দায় আলো ঝলমলে দিন-
এই সব দিন আমরা কেমন করে এনেছিলাম, কিভাবে,
কেউ যদি হঠাৎ জানতে চায়, এ রকম একটা প্রশ্ন করে,
আমরা যারা কিছুতেই সদুত্তর দিতে পারবো না,
কিছুই বলতে পারবো না, কোনো ব্যাখ্যা দিতে পারবো না
কি করে আমরা দিন এনেছিলাম,
কেন আমরা দিন আনি, কেন আমরা দিন খাই,
কেমন করে আমরা দিন আনি, দিন খাই।

আমার কবিতা

ভালবাসালিজম:

------------------------------------------
লোকে বলে প্রেমে পড়েছি,
আমি বলি প্রেমে পড়ো না , প্রেমে পড়াও,
আস্তে করে ভালবাসার শুঁড় ঢুকিয়ে দাও হৃদয়ের গহ্বরে,
অপেক্ষা করো......................
পানি দাও, সার দাও, আগাছা নিধন করো
প্রয়োজনে কীটনাশক দিতেও ভুল করো না,
যদি মনে করো ট্রাকটর প্রয়োজন,
আমদানী করো জীবনের বন্দর থেকে,
বুকের জমিন চষে একে একে ফেলে দাও কাঁটাঝোপ,
ভালবাসার নিড়ানী দিয়ে উপড়ে ফেলো প্রতিযোগী নামের আগাছা,
ছোট ছোট শাসনের খোঁচা দিতেও ভুল করো না।
বিরহকে আসতে দাও, অপেক্ষায় ভালবাসা বাড়ে
বাড়ে ভালবাসার উত্তাপ,
মাঝে মাঝে মুখ ফিরিয়ে নাও, অপেক্ষায় থাকো....
যদি দ্যাখো হৃদয়ের দেয়ালে ফাটল ধরেছে
উতলা হয়ো না,
নীরবে দ্যাখো পাহাড় কেটে আগ্নেয়গিরি বেরিয়ে এসেছে না আবেগের ঝরনাধারা
যদি দ্যাখো শীতল ঝরনা ধারা, বিরহের রেললাইন দীর্ঘ করো
তবে খুব বেশি দীর্ঘ করো না, সময়ের কালক্ষেপণে আবেগ ঝাপসা হয়ে আসে
মাঝে মাঝে ভালবাসার হাত ধরে উঁকি দাও,
আবার তোমার ভালবাসার রেলগাড়িকে প্লাটফর্ম থেকে ছুটি দাও,
ফলাফল দ্যাখো..........
যদি বোঝো পাহাড় ভেঙ্গে আগুন বেড়িয়ে এসেছে,
পুড়িয়ে দিতে চায়,
নতজানু হও,
বাড়াবাড়ি করো না,

যদি বোঝো ভালবাসার জাল সবখানে পোঁতা আছে তোমার মতো পোকাদের ধরবে বলে,
নীরবে সরে এসো,
ভালবাসা চাই , ভালবাসা চাই বলে মরিয়া হয়ে উঠো না,
তাহলেই সর্বনাশ,
ভালবাসাও এক প্রকার যুদ্ধ,
এখানে সফল কৃষকের মত মাটির সৈনিক হতে হয়,
লড়তে হয় প্রতিকূলতার বিরুদ্ধে , শক্ত হাতে ধরতে হয় হৃদয় শাবল,
ভালবাসার নিড়ানী হতে হয় করাতের চেয়েও ধারালো,
ভালবাসার সার চাই, অনুভবের সেচ চাই,
চাই বুদ্ধির মারণাস্ত্র,
অপেক্ষার মই বেয়ে নামতে হয়,
এতসব কিছুর পরেও যদি দ্যাখো তোমার ভালবাসার ফসলে চিটা ধরেছে নিরাশ হয়ো না,
আবার বীজ বোনো, সার দাও ,সেচ দাও,
কিন্তু ভুলেও ফিরে এসোনা,
ভালবাসার সোনালি ফসল তোমার ঘরে উঠলো না, ক্ষতি কি?
তোমার শ্রমের অন্নে র্পূণ হবে আরেকটা উদর,
তুমি তাকে বঞ্চিত করোনা,
ক্ষুধার জ্বালা তোমার বুকেও তো বেজেছে বন্ধু
সে জ্বালায় যেমন পুড়েছে তোমার সোনাফলা জমিন
তেমনি আরেকটা জমি অনুর্বরা হোক তাই কি তুমি চাও?
তাই বলি ভালবেসে ফতুর হয়ো না, ভরিয়ে দাও , ছড়িয়ে দাও সবখানে
ভালবাসার শুঁড়টা আস্তে করে বুকে ঢুকিয়ে দাও,
প্রেমে পড়োনা , প্রেমে পড়াও....................

আমার কবিতা

৪/১২/২০০৮

মুখোমুখি

মুখোমুখি বসে আছি তুমি আর আমি
আমি আর তুমি,
মাঝখানে কাঁচের দেয়াল,
দেয়ালের কোল ঘেঁষে আঁধারের লুকোচুরি
আঁধারের কোল জুড়ে তুমি আর আমি
আমি আর তুমি,
মুখোমুখি আমরা দুজন।

হয়তো কখনো হবেনা বলা চুপিচুপি
ভালবাসার গল্প,
হাতে হাত রেখে শিহরিত হবো না
কখনো অল্প স্বল্প,
আমাদের অধর ছোঁবেনা অধরের পাঁপড়িগুলো,
বিকশিত হবেনা কখনো হৃদয়ের না বলা কথায়,
নিশ্বাসে শ্বাস মিশে হবেনা নতুন জন্ম,
কচিকচি মুখ ভাসবেনা জীবনের পাতায়।

তবু শুধু মুখোমুখি বসে ছুঁয়ে ছুঁয়ে থাকা, হৃদয়ে কাঁপন,
চুপচাপ বসে বসে মুখোমুখি চেয়ে থাকা, মনের দেয়ালে ভাঙ্গন,
কাঁচের এধারে বসে তুমি আর আমি, আমি আর তুমি চেয়ে থাকি চোখে চোখ রেখে,
হয়না কিছুই বলা দু’চোখে স্বপ্ন এঁকে আধাঁরের বুকে মিশে থেকে ।

তবু জানি তুমি আছো, আমি আছি
পাশাপাশি আমরা দুজন,
আঁধারের কোল জুড়ে, না বলা গল্প নিয়ে,
তুমি আর আমি, আমি আর তুমি,
মুখোমুখি আমরা দুজন।

ব্যবচ্ছেদ

ব্যবচ্ছেদ



তুমি কি ভালবাসা ছুঁয়েছো বন্ধু
নাকি দূর সমুদ্রের এপার থেকে ছুঁয়েছো ভালবাসার দীর্ঘশ্বাস?
তুমি কি ভালবাসা দেখেছো বন্ধু
নাকি আকাশের ঠিকানা থেকে শুনেছো ভালবাসার কন্ঠস্বর?
তুমি কি ভালবাসা চেয়েছো বন্ধু
নাকি পথভোলা পথিকের মত পথের খোঁজে ছিলে?
তুমি কি ভালবাসা ভুলেছো বন্ধু
নাকি দূর দিগন্ত থেকে মিলেছো ধরণীর নীলে?
তুমি কি ভালবাসায় পড়েছো বন্ধু
নাকি পূজার ফুলের মত ভালবাসা ছড়িয়েছে তোমার পায়?
তুমি কি ভালবাসা বুঝেছো বন্ধু
নাকি মেতে ছিলে ভালবাসার জমিতে বীজ বপনের খেলায়?
ছোওনি, দ্যাখনি,চাওনি যদি তবে কেন শুধু ছুঁয়ে ছুঁয়ে থাকা
বুঝেও যদি বা না বুঝে থাকো তবে কেন শূন্যে বাসা বাঁধা?

প্রস্থান

প্রস্থান
-হেলাল হাফিজ
_____________________________________

এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিয়ো৷


এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালী তাল পাখাটা

খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিয়ো৷

ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত

ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ো৷

কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে

কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে

পত্র দিয়ো, পত্র দিয়ো৷


আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো, আপত্তি নেই৷

গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?

আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি,

নষ্ট ফুলের পরাগ মেখে

পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কী আসে যায়?


এক জীবনে কতোটা আর নষ্ট হবে,

এক মানবী কতোটাই বা কষ্ট দেবে!

Me

Me

About this blog

Hello

This is Fahmida. You may imagine me as a five feet white ball. Completed MBA in Management . ভাললাগে গ্রাফিক্সের টুকিটাকি। শখ ছিল ফটোগ্রাফার হবো কিংবা সাংবাদিক। হইনি কিছুই। পেশায় ব্যাংকার। জন্ম উত্তর বঙ্গে। বসবাস দক্ষিণে। মাঝে মাঝে এক আধটু প্যাঁচাই। যদিও আমার লেখালেখির হাতেখড়ি আপ্র (http://forum.amaderprojukti.com/memberlist.php?mode=viewprofile&u=1094) থেকে তারপরও মাঝে মাঝে প্রথম আলো ব্লগেও মাঝেমাঝে ঢুঁ মারি। নিক আঁধার http://prothom-aloblog.com/users/base/adhar/p1 । আজকাল সচলদের অতিথি হতে ভাল লাগে। নিক অমাবস্যা। ইদানীং টিউরোটিয়াল বিডি'তে লেখার চেষ্টা করছি। গান শোনা, কবিতা পড়তে ভালবাসি। ভালবাসি ব্লাক কফি আর সিলেটের চা-পাতা । এক কথায় Im busy for nothing :)


লাইসেন্স:Licence
by-nc-nd (Creative Commons)

My Blog List